আদালতের এজলাসেই আসামির মৃত্যু

ফরিদপুরের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকার্য চলাকালে এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনের আদালতে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া আসামির নাম শাহজাহান মৃধা (৭০)। তিনি জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা। একটি প্রতারণা মামলার আসামি ছিলেন।

শাহজাহান মৃধার আইনজীবী অ্যাডভোকেট মো. আবু জাফর জানান, গত বছর চরভদ্রাসনের মৌলভীর চর এলাকার বাসিন্দা দুলাল মিয়া বাদী হয়ে চার জনকে আসামি করে একটি প্রতারণার মামলা করেন। এই মামলার আসামি ছিলেন শাহজাহান মৃধা।

এ আইনজীবী আরও জানান, মঙ্গলবার ওই মামলার শুনানি ছিল। দুপুরে বিচারকার্য চলাকালে এজলাসে মামলার সব আসামি উপস্থিত ছিলেন। আদালত পরিচালনা করছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন। এ সময় হঠাৎ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। পরে বিচারক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা বলেন, ‘শাহজাহান মৃধাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’