বিদ্যার দেবী সরস্বতীর পূজা ঘিরে কিশোরগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ উপলক্ষে কিশোরগঞ্জের কালীবাড়িতে বসেছে প্রতিমার হাট। আশপাশের বিভিন্ন জেলা থেকে এসে প্রতিমা তৈরি করছেন কারিগররা। শনিবার (৫ ফেব্রুয়ারি) পূজার আগেই ক্রেতারাও দামদর করে পছন্দ মাফিক ক্রয় করছেন প্রতিমা।
জানা গেছে, এবার কারিগররা প্রায় চার হাজার প্রতিমা বিক্রির জন্য তৈরি করেছেন। যেগুলোর বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ও শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যে সব প্রতিমাই বিক্রি হয়ে যাবে বলে ধারণা তাদের।
প্রতিমা কিনতে আসা বৃষ্টি কর বাংলা ট্রিবিউনকে বলেন, বাসায় প্রতিবছরই পূজো হয়। কালীবাড়ির হাট থেকেই আমরা প্রতিমা কিনে নিই। বাচ্চাদের নিয়ে তাই প্রতিমা পছন্দ করছি। যেটা পছন্দ হবে সেটা কিনে নেবো।
দীর্ঘদিন থেকে কিশোরগঞ্জের কালীবাড়িতে প্রতিমা বিক্রি হলেও তিন বছর থেকে এর ব্যাপকতা লাভ করে । এখন বিভিন্ন জায়গা থেকে কারিগররা একমাস আগে থেকেই সেখানে অবস্থান করে প্রতিমা তৈরি ও বিক্রি করে থাকেন। এ বছর অন্তত চার হাজার প্রতিমা তৈরি করেছেন তারা। রঙ করার আগেই অর্ধেক প্রতিমা বায়না করে চুক্তি করে ফেলেছেন আয়োজক ও ক্রেতারা। রঙ শেষ হলেই নিয়ে যাচ্ছেন নিজেদের প্রতিমা।
কারিগররা জানান, এবার প্রতিমার হাটে আকার ভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিটি প্রতিমা এক থেকে দশ হাজার টাকায় বিক্রি করতে পারছেন তারা।
প্রতিমার আরেক কারিগর নারায়ণ পাল বলেন, আসলে পূজার কয়েকদিন আগে থেকেই এই হাটে একটা উৎসব উৎসব ভাব বিরাজ করে। কেউ প্রতিমা কিনতে আসেন, আবার বাচ্চাদের নিয়ে একসঙ্গে এত প্রতিমা দেখতেও আসেন অনেকে। ছাত্র ছাত্রীরাই বেশি আসেন প্রতিমা কিনতে। আমার হাতেগোনা কয়েকটা ছাড়া সব প্রতিমাই বিক্রি হয়ে গেছে।
শ্রীশ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক পলাশ দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা প্রতিবারই হাটের আয়োজন করছি। প্রচুর মানুষ এখান থেকে প্রতিমা কিনে নিয়ে যায়। এক মাস আগে থেকেই বিভিন্ন জেলা থেকে কারিগররা এখানে আসে প্রতিমা তৈরি করতে। আমরা তাদের সার্বিক নিরাপত্তা ও থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকি। কয়েক হাজার প্রতিমা এখান থেকে বিক্রি হয়। প্রতিমা দেখতেও প্রচুর মানুষ এখানে ভিড় করে।