মামার বাড়িতে এসে নিখোঁজ কিশোরের লাশ মিললো ডোবায় 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজের আট দিন পর ফয়সাল নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধে ওই কিশোরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব। এ ঘটনায় আসামি অপূর্ব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
 
শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সোনারগাঁ পৌরসভার বাগ মহিষা ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ ফয়সালের লাশ উদ্ধার করা হয়। ফয়সাল লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
 
র‍্যাব-১১ সিইও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গত ২৬ জানুয়ারি রাত ৯ টার দিকে পার্শ্ববর্তী লাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ফয়সাল। তার ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজার পর ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে র‍্যাব-১১ গোয়েন্দা দল নিখোঁজ ফয়সালের সন্ধানে নামেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইলফোনে ফয়সালকে বাড়ি থেকে ডেকে নেওয়া অপূর্ব শীলকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকালে র‍্যাব সদস্যরা সোনারগাঁ পৌর এলাকা থেকে অপূর্বকে গ্রেফতার করে। অপূর্ব বাগ মহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।
 
র‌্যাব কর্মকর্তা আরও জানান, র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার অপূর্ব নিখোঁজ ফয়সালকে নীল রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। 
 
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।