রাজবাড়ীতে চায়ের কাপে চেতনানাশক ওষুধ মিশিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলো—আকাশ মাদবর (১৯), রবিন হোসেন (২২), নিজাম উদ্দিন সালমান (৩০), আকরাম হোসেন (২৬) ও সাদ্দাম হোসেন (২৬)। সংঘবদ্ধ এই চক্রের মধ্যে একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে এ কাজে সহযোগিতা করতো বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর কালুখালী ও গোয়ালন্দ থানা এলাকা থেকে অজ্ঞান করে ইসমাইল শেখ ও সুজন পাঠান নামে দুইজনের ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। পরে দুই জনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভুক্তভোগীদের পরিবার স্ব স্ব থানায় মামলা করেন।
এরপর কালুখালী থানার ওসি নাজমুল হাসানের নেতৃত্বে এসআই হাসানুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের ঢাকা ও পাবনার বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর সংঘবদ্ধ চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে আরও বহু অপরাধ সংঘটন করেছে বলে স্বীকার করেছে। মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা প্রমুখ।