কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় মারা গেছে এক স্কুলছাত্রী। উপজেলা সদরের আয়লা এলাকায় কিশোরগঞ্জ-চামড়াঘাট সড়কে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম উর্মি আক্তার। সে উপজেলার সুতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে এবং নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে সহপাঠীদের নিয়ে একটি ইজিবাইকে গাদাগাদি করে বসে বাড়ি ফিরছিল উর্মি। আয়লা এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে গেলে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় ওই স্কুলছাত্রী। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপ দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
খবর শুনে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন, এসিল্যান্ড উম্মে হাফছা নাদিয়া ও করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ সময় উত্তেজিত জনতা প্রায় দেড় ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন রাস্তা থেকে সরে দাঁড়ায়।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হলেও এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।