সড়কে প্রাণ গেলো ঢাবি শিক্ষার্থীসহ ২ জনের

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইল সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের বশির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা (২৫) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চর বাঙ্গালিয়া গ্রামের লাবু মিয়ার ছেলে অজিত অপূর্ব নিখিল (২৯)। আজিজ মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা জানান, আজিজ মোল্লা ও অজিত অপূর্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঢাকা থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। বাইমাইল সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়েন তারা। এ সময় ওই গাড়িটি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই।