টাঙ্গাইলে আট নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নারী মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
সংবর্ধনা দেওয়া আট নারী মুক্তিযোদ্ধারা হলেন– টাঙ্গাইল সদর উপজেলার রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার কাজী ফিরোজা ইসলাম বিউটি ও জহুরা খাতুন, কালিহাতী উপজেলার হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার রবিজান, সখীপুর উপজেলার ফাতেমা খাতুন ও শেফালী, দেলদুয়ার উপজেলার রিক্তা বেগম।
জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা রবিজান, মুক্তিযোদ্ধা শেফালী ও মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন।