গাজীপুরে পৃথক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) টঙ্গী-ঘোড়াশাল রেলসড়কের গোলাবাড়ি রেলসেতু এবং কালীগঞ্জের বক্তারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক রয়েছেন।  

তারা হলেন কালীগঞ্জ উপজেলার চান্দের বাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আফলাতুন কাউসার খাঁন (৫০) এবং কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি এলাকার কফিল উদ্দিন দর্জির ছেলে জামান দর্জি (৪২)। কাউসার খাঁন ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার ও আরবি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হন কাউসার খাঁন। দালান বাজার-বক্তারপুর সড়কের চুপাইর মধ্যপাড়া এলাকায় ইটের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার ওপর পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, টঙ্গী-ঘোড়াশাল রেলসড়কের গোলাবাড়ি রেলসেতুর পশ্চিম পাশে ঘোড়াশালগামী রেলপথে জামান দর্জির লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে রেলওয়ে পুলিশকে খবর দেন তারা। দুপুরে নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। জামান দর্জি সন্ধ্যার পর বাড়ির পাশের রেলপথে নিয়মিত হাঁটাহাঁটি করতেন। রবিবার রাতেও প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার লাশ পাওয়া যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে জামান দর্জির মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।