গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনাগোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাজাহান ভূইয়া (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন বৈশাখী (২৮) নামে এক আরোহী।
বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবরদী ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান ভূইয়া মুকসুদপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের অধিবাসী।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শাহজাহান নিজ মোটরসাইকেলে করে বাজার থেকে পরিচিত বৈশাখী নামে এক মহিলাকে নিয়ে আসছিলেন। ছোট সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাজাহানের মৃত্যু হয়। আহত হন বৈশাখী।
আহত বৈশাখীকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতালের চিকিৎসক রায়হান ইসলাম জানিয়েছেন, বৈশাখী এখন আশঙ্কা মুক্ত আছেন।

/এনএস/