কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের দুই শিশু নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলে করে আশ্রমে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। তাদের লাশ পরিবারের স্বজনরা নিয়ে গেছেন। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতরা হলো উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধনের মেয়ে বৃষ্টি বর্ধণ (৫) ও সুজনের মেয়ে ইরছা রানী(৭)। আহতরা হলেন- নিহত বৃষ্টির বাবা সুমন বর্ধন ও সুমন বর্ধণের বাবা কার্তিক বর্ধণ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুমন বর্ধণ মোটরসাইকেলে করে তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে অর্থাৎ ভাতিজি ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিল। এ সময় লেঙ্গুরদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়। এ সময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে (৫) মৃত ঘোষণা করেন। আহত সুমন ও তার বাবা কার্তিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।