বাসাইল আ.লীগের সভাপতি গাউজ সম্পাদক রাজিক

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে হাজী মতিয়ার রহমান গাউজ ও সাধারণ সম্পাদক পদে মির্জা রাজিককে নির্বাচিত করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, তানভীর হাসান ছোটমনির এমপি, বাসাইল-সখীপুর আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থিত খেলার মাঠে আয়োজিত সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস। সম্মেলনস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১৯ এপ্রিল বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় সভাপতির পদ পান কাজী অলিদ ইসলাম ও সাধারণ সম্পাদকের পদ পান হাজী মতিয়ার রহমান গাউজ। 

গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কাজী অলিদ ইসলামকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল আলম মাস্টার।