সভা-সমাবেশ করে এই সরকারের পতন ঘটানো যাবে না: নোমান

সদ্য গঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘আওয়ামীপন্থি সামরিক-বেসামরিক অবসরপ্রাপ্ত আমলাদের নিয়ে বিতর্কিত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ও সরকারের অধীনে কোনও নির্বাচনে বিএনপি যাবে না। সভা সমাবেশ করে এই সরকারের পতন ঘটানো যাবে না।’ গণ আন্দোলন, গণ অভ্যুত্থান সৃষ্টি করে সরকার হটানোর আহবান জানান তিনি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চাল, ডাল ও তেলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের আয় কমেছে। এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। টাকার অবমূল্যায়নের কারণে দেশের মানুষ আজ দিশেহারা। লুটেরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দুর্নীতি লুটপাট করে ধরাও পড়ছে, প্রথম কিছুদিন হইচই হচ্ছে, পরে আবার যা তাই।’

তিনি বলেন, ‘আজ গণতন্ত্রের সংগ্রাম শুধু বিএনপির নয়, জাতীয় সংগ্রামে পরিণত হয়েছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে এই সরকার। এভাবে চলতে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারাতে হবে আমাদের। দমন পীড়ন করে টিকে আছে এই ফ্যাসিস্ট সরকার। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে তারা।’

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, সাবেক যুবদল নেতা আফজাল হোসেন খান পলাশ, ছাত্রদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।