পুলিশের বাধায় পণ্ড বিএনপির মিছিল, আটক ২

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির মিছিল। এসময় সড়কের পাশে সমাবেশ করতে চাইলে পুলিশের লাঠিচার্জে  বিএনপির ৩০ নেতাকর্মী আহত হন কলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়াও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগে ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়। বুধবার (২ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের রাজালাখ ফার্ম এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় এই ঘটনা ঘটে ।

বিএনপির নেতাকর্মী বলেন, সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্যের বাড়িতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। রাষ্ট্রীয় গণতন্ত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। সয়াবিন তেল, চাল, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছুয়েছে। তেল মজুত করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজন নিজেরাই সিন্ডিকেট বানিয়ে ব্যবসার নামে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দিকে তাদের খেয়াল নেই। তারা বিরোধীদলকে দমনে ব্যস্ত রয়েছেন। এসময় তার সঙ্গে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী, তমিজ উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখের পড়ে। পরে বাধা ভেঙে মিছিল নিয়ে সামনে এগোতে চাইলে পুরিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির প্রায় ৩০নেতাকর্মী আহত হন। 

প্রতিবাদে বিএনপির কর্মীরাও ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ। পরে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিএনপির সাভার থানা সভাপতি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। অথচ পুলিশ হঠাৎ করে মিছিলে বাধা দিয়ে অতর্কিতভাবে লাঠিচার্জ করেছে। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আমাদের দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয় বলে জানান তিনি ।