টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো যুবক

রাজবাড়ীর কালুখালিতে রেল ব্রিজের ওপর টিকটক ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হোসেন (১৬)। সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন বন্ধুদের সঙ্গে সকালে টিকা নিতে গিয়েছিল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। টিকা নিয়ে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজে ঘুরতে গিয়ে মোবাইল দিয়ে টিকটক ভিডিও বানাতে থাকেন। এ সময় রাজবাড়ীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই পালিয়ে যান। পরে লাশটি স্থানীয়রা ব্রিজ থেকে নিচে নামিয়ে আনে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।