নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন বছরের কারাদণ্ড পাওয়া আসামি নিজাম উদ্দিনকে (৬৮) ১৬ বছর পরে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ২টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পোলবাসুনদো এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ পুলিশ। সে ‘ভণ্ড পাগল’ পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল।
গ্রেফতার নিজাম উদ্দিন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে। সে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয়ে কবিরাজি করতো। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, নিজাম উদ্দিনের বিরুদ্ধে জেলার বন্দর থানায় ১৯৯৭ সালে একটি প্রতারণার মামলা হয়। ভুয়া কবিরাজি চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। পরবর্তীতে ২০০৬ সালে আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে আসামি পালিয়ে ছিল।
ওই কর্মকর্তা আরও বলেন, নিজামের শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পোলবাসুনদো গ্রামে সে "ভন্ড পাগল" পরিচয়ে ব্যাপক পরিচিতি পায়। আধ্যাত্মিক চিকিৎসক দাবি করে তন্ত্র মন্ত্রসহ কবিরাজি করতো নিজাম।
ওসি বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে খোঁজ নিয়ে তার অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা জেলা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।