গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে বসত বাড়ির ১০ ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের (মাওনা সিএনজি পাম্প) সংলগ্ন এনামুল সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে।
বাড়ির মালিক এনামুল সরকার জানান, তার ভাড়া ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও ৯টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে মাওনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ১০টি ঘর পুড়ে যায়। পুড়ে যাওয়া ওইসব ঘরে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বসবাস করতো। ঘটনার সময় তারা কারখানায় কাজে থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।