ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ছেলে ও তাদের মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও তিন জন। শুক্রবার (১১ মার্চ) রাতে দিকে ঢুলিভিটা বাজার এলাকায় স্থানীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকার নাসির উদ্দীন খানের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) ও দুই ছেলে নাসিব খান (২০), ছোটন খান (১৮)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার রাতে মামার বাড়ি থেকে দুই ছেলেকে সাথে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন মা। পরে তারা ঢুলিভিটা-ধামরাই সড়কের মমতাজ মেডিক্যাল এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ছয় জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত ঘোষণা করে। এছাড়াও তার এক ভাই ও মাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হলে পথেই মারা যায় তারা।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই ছেলেসহ মায়ের মৃতদেহ পরিবার বাড়িতে নিয়ে গিয়েছে।