ডাকাতির অভিযোগে করা মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ঘটনার ১৮ বছর পর গ্রেফতার করেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার সুত্রাপুরের কলতাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম ইকবাল হোসেন (৫২)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর ডুলিহাটা গ্রামের বাসিন্দা। সাজা এড়াতে নিজের নাম পাল্টে দাড়ি রেখে দীর্ঘ ১৮ বছর পালিয়ে ছিলেন।
টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, গ্রেফতারের পর মঙ্গলবার তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তার নামে ময়মনসিংহের একটি সড়কে অস্ত্র নিয়ে ডাকাতির অভিযোগে মামলা হয়েছিল। সে মামলার রায়ে ১৭ বছর কারাদণ্ড দেন আদালত। তবে জামিনে বেরিয়ে ১৮ বছর ধরে পালিয়ে ছিলেন।
তাকে গ্রেফতারে হওয়া অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আল মামুন। তিনি জানান, ২০০৪ সালে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন ইকবাল। মামলায় দেড় বছরের মতো জেল খেটে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। নিজেকে লুকাতে নাম পরিচয় পরিবর্তন করেছিলেন তিনি। দাড়িও রেখেছিলেন।