শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মী শিহাবকে (২৩) গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শিহাব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার নজরুল ইসলামের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিহাব রাতে শবে বরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। পূর্ব থেকে কয়েকজন যুবক মসজিদ মোড়ে অবস্থান নেয়। তারা ৭-৮ জন হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলের  ওপর বসা ছিল। শিহাব বাসা থেকে বের হয়ে কাছাকাছি এলেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। এ সময় একটি গুলি শিহাবের বুকে বিদ্ধ হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে যুবকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিহাবের এক সহযোগী জানান, গুলিবিদ্ধ অবস্থায় শিহাবকে হাসপাতালে আনার পর জানিয়েছেন, আল-আমীন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারক গুলি করেছে। তাদের মধ্যে ইমরান একাধিক মাদক মামলার আসামি এবং দুই দিন আগে জেল থেকে জামিনে ছাড়া পায়। আকবর হোসেনের ছেলে রুবেল অস্ত্র মামলার আসামি।      

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীদের নাম সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।