হঠাৎ ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি বন্ধের কারণে যানবাহন পারাপার বন্ধ হওয়ায় উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজট তৈরি হয়। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে আটকে থাকা যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, হঠাৎ সোমবার ভোর ৫টার দিকে কুয়াশা বাড়তে থাকে। এ অবস্থায় নৌযান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। অতিমাত্রায় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে। এর আগে উভয়ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় একাধিক ফেরি ঝুঁকি নিয়ে দ্রুত ঘাটে পৌঁছায়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে সকাল ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ইউটিলিটি ফেরি শাপলা শালুক পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
যশোর থেকে ছেড়ে আসা রাসেল পরিবহনের গাড়ির সুপারভাইজার মো. শিমুল হাসান বলেন, রাত ৪টার দিকে ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়ি। জানতে পারি হঠাৎ কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে।