রাজবাড়ীর গোয়ালন্দে লাশ ঘরে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চারটি ছুরি ও একটি দা জব্দ করা হয়েছে। সোমবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাতরা হলেন- উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে মো. সাগর চৌধুরী (২৫), পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. মাহবুব মিয়া (৩৯), গোয়ালন্দ হাউলি কেউটিল এলাকার ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান রনি (২৫) ও ফরিদপুর কোতোয়ালি উপজেলার মালাঙ্গা গ্রামের মো. নুরু তালুকদারের ছেলে মো. উজ্জল তালুকদার তাজু (৩১)।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পাশে লাশ রাখার ঘরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪-৫ জন পালিয়ে গেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।