সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, আমাদের দেশে কেউ গৃহহীন কিংবা চিকিৎসাহীন থাকবে না। আমরা সবাই সমান। সবাই সমঅধিকার ভোগ করবো। সবার অংশগ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়ায় পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
সামাজিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে সমাজকল্যাণমূলক কাজে নিজ মন্ত্রণালয়ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, অবহেলিত, বয়স্ক, বিধবা, দুস্থ, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এতে নিশ্চিত হচ্ছে সামাজিক অধিকার।
সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি এ টেইলর, সমাজসেবা অধিদফতরের মহা-পরিচালক শেখ রফিকুল ইসলাম, এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচালক কে এম তারিকুল ইসলাম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক ও পৌর মেয়র মো. রমজান আলী।
সিআরপির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সিআরপি দাতব্য সংস্থা হিসেবে দেশবাসীর কাছে পরিচিত। তারা সমাজের পক্ষাঘাতগ্রস্ত মানুষের সেবায় সরকারের লক্ষ্য অর্জনে কাজ করছে। এখন সারাদেশে ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাসহ সব ভাতা দেওয়া হচ্ছে। কাজেই এখন আর তাদের বোঝা ভাবার সুযোগ নেই।
এ সময় অর্ধশতাধিক বিশেষ চাহিদাসম্পূর্ণ শিশু-কিশোর, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়ায় এলাকায় ডা. রায়হান মাহবুবের দান করা সাড়ে চার একর জমির ওপর সিআরপি মানিকগঞ্জ সেন্টার গড়ে উঠেছে। অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের অনুদান আট কোটি ৫৬ লাখ টাকা। বাকি টাকা জোগান দিয়েছে সিআরপি।