টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় রেজাউল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার পুংলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেজাউল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সোহাগীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহআলম আকন্দ শাপলার সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন।
শাহআলম আকন্দ জানান, শপথ অনুষ্ঠান শেষে ফেরার পথে মহাসড়কের পুংলি এলাকায় একটি ট্রাক এসে রেজাউলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আহত নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।