ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে ৬ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

টাঙ্গাইলে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে এক ব্যক্তির কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মধ্যরাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

পুলিশ জানায়, রবিউল করিম সুলভ (৩০) ও মাসুম বিল্লা ওরফে মুন্নাকে (২৮) গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইউসুফ কাজী (৭০) ও জাকির হোসেন বাবুকে (৩৩) সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এবং নাটোরের লালপুর থানা এলাকা থেকে সেলিম মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ এপ্রিল কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডের শামছুল হক কলেজের সামনে থেকে বিকাশের ডিএসও পদে চাকরিরত রাসেল মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দেয় চক্রের সদস্যরা। এ সময় রাসেল মিয়াকে জোরপূর্বক সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে মারধর করে তার কাছে থাকা ছয় লাখ টাকা ছিনতাই করে নেয়। পরবর্তী সময়ে রাসেলকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকায় গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যায় তারা। এ ঘটনায় ১৯ এপ্রিল কালিহাতী থানায় মামলা করেন রাসেল।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় কালিহাতী থানা পুলিশ ও টাঙ্গাইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। পরে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় দুই লাখ টাকা, দুই সেট ডিবি পোশাক, এক জোড়া হাতকড়া, একটি সিগন্যাল লাইট, একটি ওয়্যারলেস ও বিভিন্ন ব্যান্ডের তিনটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চার জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।