মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, বুধবার সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেটকার আজাদ শেখ (৪১) নামে এক আনসার সদস্যকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আজাদ মাশুরগাঁও গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। তবে চাপা দেওয়া দ্রুতগতির গাড়িটিকে আটক করা যায়নি।
শ্রীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, আশঙ্কাজনক অবস্থায় আজাদ শেখকে ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের আনসার সদস্যদের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বিষয়ে যাবতীয় তথ্য আনসার ভিডিপি হেড অফিসে পাঠানো হয়েছে।
অপরদিকে, একই উপজেলায় দুপুর ২টায় দিকে শ্রীনগর চকবাজার ডাকবাংলো মোড়ে মালবাহী একটি ট্রাক যাত্রীবোঝাই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর নুরুন্নবী (১৪) নিহত হয়। সে একই উপজেলার ষোলঘর এলাকার নূরুল হকের ছেলে।
এ সময় শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় তুষার (১৭), রুবেল (২৫) ও জিহাদ নামে তিন জনকে (১৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আসাদুজ্জামান জানান, আহত তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় এই পর্যন্ত দুজন নিহত হয়েছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, আনসার সদস্যকে চাপা দেওয়া দ্রুতগতির প্রাইভেটকারটিকে আটক করা যায়নি। আটকের চেষ্টা চলছে। এদিকে, শ্রীনগরের চকবাজার এলাকার ঘটনায় চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।