পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে দুর্ঘটনার একদিন পর একই স্থনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙেছে একটি প্রাইভেটকার। এতে গাড়ির দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাশ বলেন, প্রাইভেটকারটি ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে উঠে যায়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ট্রফিক পুলিশের টিআই বজলুল হক বলেন, পদ্মা সেতু উত্তর থানার সামনে একই রকম ঘটনা ঘটেছিল। আজও একই জায়গায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। এতে চালকসহ দুই জন আহত হন। পরে রেকার দিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হয়। এদিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।