বঙ্গবন্ধু সেতুতে একদিনে তিন কোটি ৪০ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু‌তে গত ২৪ ঘণ্টায় তিন কোটি ৪০ লাখ টাকা টোল আদায় হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুরে বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য জানান।

জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্প‌তিবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত  ৪৩ হাজার ৫৯৫‌টি যানবাহন পারাপার হয়েছে। ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোল টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭শ’ টাকা। সেতুর পূর্ব টোল প্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হ‌য়ে‌ছে এবং উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন সেতুর প‌শ্চিমপাড় টোলপ্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে। এছাড়া মোটরসাই‌কেল পারাপার হ‌য়েছে ছয় হাজার ৩৪১টি। 

এর আ‌গে ঈদুল ফিত‌রে গত ২৯ এ‌প্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপা‌র হয়। সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা। 

প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ‘বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ের রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। এর আগে ২৪ ঘণ্টায় এত টোল আদায় হয়নি।’