মুন্সীগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৯ ঘণ্টা পর স্কুলছাত্র অবয়ব আহমেদের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এর আগে বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে গোসলে নেমে স্রোতে তলিয়ে যায়।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে ই বন্ধুর সঙ্গে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় অবয়ব। একপর্যায়ে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারা ভেসে যায়। দুই জন তীরে উঠতে পারলেও অবয়ব তলিয়ে যায়।
মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর জানান, নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে টহল চলছিল। সন্ধ্যা ৬টায় লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।