গাজীপুরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার গাড়িতে নিয়ে যাওয়ার সময় কাত হয়ে পড়ে জিয়াউর রহমান (৩০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় এক পথচারীও আহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া জিয়াউর রহমান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মধ্য সালকোনা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই সুরুজ্জামান বলেন, গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় বিআরটি প্রকল্পের কাজ চলছিল। বিকাল সাড়ে ৪টার দিকে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার গাড়িতে করে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস মোড়ে নেওয়া হচ্ছিল। এ সময় চৌধুরীবাড়ি এলাকায় কে চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে সড়কের গর্তে গাড়ির চাকা পড়লে কাত হয়ে যায়। এ সময় গাড়ির ওপর থেকে গার্ডার নিচে পড়ে যায়। এতে চাপা পড়ে প্রকল্পের নিরাপত্তাকর্মী জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে এক পথচারীও আহত হন। স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।