অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৬ গণপরিবহনকে জরিমানা

ঈদ শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ছয়টি গণপরিবহনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়।

শনিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পৃথক ছয়টি গণপরিহনের চালককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে ১০টি গণপরিবহনের নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক পরিবহনের চালককে ভাড়ার তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জরিমানা করা হয়েছে— সেলফি পরিবহনের চালক শামীম রেজাকে ৫ হাজার টাকা, মো. শাহীন মিয়াকে ৪ হাজার টাকা ও আবদুল আলিম মিয়াকে ৫০০ টাকা। এছাড়া নিউ ভিলেজ লাইন পরিবহনের চালক মো. আলালকে এক হাজার টাকা, নীলাচল পরিবহনের চালক সাহাবুদ্দিন আহমেদকে ৫০০ টাকা এবং লেগুনার (ম্যাক্সি) চালক সিফাত উল্লাহকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন বিআরটি’র পরিদর্শক মো. শফিকুল ইসলাম, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সামসুন্নবী তুলিপ ও সদর থানা পুলিশ।

আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত স্থানীয় বিভিন্ন গণপরিবহন যাত্রী পরিবহন করে থাকে। ঈদের ছুটি শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পশ্চিম-উত্তরাঞ্চলের যাত্রীরা ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যাচ্ছেন। এসব যাত্রীদের কাছ থেকে গণপরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।