নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আশিষ কুমার নন্দী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) দুপুরে ভূইগড় কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর এলাকার মনিন্দ্র নন্দীর ছেলে। বর্তমানে ফতুল্লা থানার ভূইগড় কড়ইতলা এলাকার আব্বাস মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর বাবা রাজমিস্ত্রি ও তার মা পোশাকশ্রমিক। প্রতিবন্ধী মেয়েটি স্থানীয় একটি হোসিয়ারি (গেঞ্জি তৈরির) কারখানায় চাকরি করে। অভিযুক্ত যুবকও ওই কারখানায় কাজ করতো। গত ১৪ মে রাত সাড়ে ৮টায় কারখানা ছুটি হওয়ার পর চকলেট, চিপসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে দেওয়ার কথা বলে বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
আরও উল্লেখ করা হয়, ৬ জুলাই ভুক্তভোগী অসুস্থবোধ করলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, সে অন্তঃসত্ত্বা। এ বিষয়ে ভুক্তভোগীকে জিজ্ঞাসা করলে সব কিছু খুলে বলে। শুক্রবার অভিযুক্ত যুবককে শনাক্ত করে ভুক্তভোগী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনে একই প্রতিষ্ঠানে কাজ করতো। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।