মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) সার্ভিস লেনে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিন জন।
রবিবার (২৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপচালক শ্রীনগরের বাসিন্দা শাকিল দেওয়ানকে আটক করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ‘তীর’ কোম্পানির একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই নিহত ও চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট দুলাল আহমেদ বলেন, এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।