আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইশমাইলের বেলতলা এলাকার জিন্সটাউন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরে রাখা পরিত্যক্ত সুতার স্তূপের ভেতর হঠাৎ ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কারখানা কর্তৃপক্ষ।

খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশুলিয়া ডিইপিজেড থেকে একটি ও ধামরাই ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

/বিটি/এসটি/