ছুটি না পেয়ে অসুস্থ শরীরে কাজ, কারখানায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

গাজীপুরে ছুটি না পেয়ে অসুস্থ শরীরে কারখানায় কাজ করার সময় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম শিমু (২৫)। তিনি শেরপুর জেলা সদর উপজেলার পাকুরিয়া চকপাড়া গ্রামের সুমনের স্ত্রী।

কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার কাওসার মোল্লার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এই কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করতেন। মঙ্গলবার দুপুরে খাবারের বিরতির পর বাসা থেকে ২টার দিকে কারখানায় যান। কারখানার সিঁড়ি বেয়ে পঞ্চম তলায় ওঠার পর তিনি অসুস্থবোধ করেন। এ সময় ফ্লোর ইনচার্জ ও সুপারভাইজারের কাছে ছুটি চান। কিন্তু তারা ছুটি না দিয়ে কাজ করতে বলেন। ছুটি না পেয়ে অসুস্থ শরীর নিয়ে কাজ করার সময় হঠাৎ মেঝেতে ঢলে পড়েন এবং মারা যান।

সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় বাঘের বাজার এলাকার কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা পুলিশকে না জানিয়ে গোপনে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। তাদের অবহেলার কারণে সুচিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, শ্রমিক শিমুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার লাশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক শামসুল হক পলাশ দাবি করেন, সুইং অপারেটর শিমু অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে গেলে তাকে স্থানীয় কাজী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ছোট বোনের স্বামী মো. শাহীন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় শিমুর লাশ কাজী হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে কারখানার একজন কর্মকর্তাসহ গ্রামের বাড়িতে নিয়ে এসেছে।

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, শুনেছি মন্ডল কারখানায় এক নারী শ্রমিক মারা গেছেন। কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে ওই নারীর লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তবে কীভাবে ওই শ্রমিক মারা গেছে তা জানা যায়নি।