অটোচাপায় ওসির মৃত্যু, চালকের ৩ বছরের দণ্ড

ব্যাটারিচালিত অটোর চাপায় মানিকগঞ্জ সদর থানার সাবেক ওসি আবু তাহের মিয়ার মৃত্যুর ঘটনায় চালক আকতার হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন। রায়ে একইসঙ্গে চালক আকতারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আকতার হোসেন নরসিংদী সদর উপজেলার মাত্র গ্রামের মোহর আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় বসবাস করতেন।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩০ আগস্টের ভোরে শহরের খালপাড় এলাকায় আকতারের অটোর চাপায় গুরুতর আহত হন ওসি তাহের। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দুর্ঘটনার পরেই পুলিশ আকতারকে আটক করে। ঘটনার দিনই সদর থানার এসআই আশিষ কুমার মৈত্র বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।  আট জনের সাক্ষ্য শেষে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আসামি ১৮ মাস কারাভোগের পর জামিনে ছিলেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার এবং আসামি পক্ষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মামলা পরিচালনা করেন।