ঢাকার সাভারে একটি সুতার কারখানা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। বুধবার (৩১ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে বিরুলিয়ার কুমকুমারি এলাকার সিনেটেক্স লিমিটেড কারখানার ভেতরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থললে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ দুজন হলেন- রিপন ও আলম। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বুধবার বিকালে কারখানার মালিক দাবি করে সাবেক কর্নেল আনিছুর রহমান ১০/১৫ জন বহিরাগত লোক নিয়ে ভেতরে প্রবেশ করে। পরে কারখানার লোকজনকে মারধর শুরু করে তারা। এ সময় কারখানার বেশ কিছু শ্রমিককে ধাক্কা দিয়েও বের করে দেন। একপর্যায়ে কর্নেলের লোকজনের কাছে থাকা শর্টগান দিয়ে গুলি শুরু করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার বিপণন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ মো. মনিরুজ্জামান দাবি করেন, হামলাকারী সাবেক সেনা কর্মকর্তা তাদের চেয়ারম্যান ছিলেন। তবে ১৫ দিন আগে দুর্নীতির দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আজকে হঠাৎ অস্ত্র ও বহিরাগতদের নিয়ে কারখানার মালিকানা দাবি করে হামলা চালান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের এসআই কোরবান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিকানা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।