মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার ও দুই কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশের হামলায় বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।
দুপুরে দলীয় সভাপতি আফরোজা খান রিতা তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তাদের ২০-২২ জন নেতাকর্মী পুলিশি হামলায় আহত হয়েছেন। পুলিশ ও ছাত্রলীগ নেতারা তাদের দলীয় কর্মসূচি বানচাল করতে এই হামলা ঘটিয়েছে।
জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল নিয়ে কর্মসূচিস্থলে যাওয়ার পথে খালপাড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করেন। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।
এরপর পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার, কনস্টেবল সাখাওয়াত হোসেন ও মো. শাহীন আহত হন। এরপর পুলিশ লাঠিপেটা শুরু করলে কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৪টা) নাগাদও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল বসানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ঘটনা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
সদর থানার ওসি জানান, আহত দুই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন। আটকের বিষয়সহ বিস্তারিত পরে জানানো হবে।