গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রেমিকাকে (২৪) ফোনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলো, টঙ্গীর মিরাশপাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে শাওন (২৪), নবীন হোসেনের ছেলে নাদিম হোসেন (১৯) ও গাজী সালাউদ্দিনের ছেলে গাজী সাকিবুজ্জামান সিয়াম (২১)।
ভুক্তভোগী নারী বলেন, শাওন আমার পূর্ব পরিচিত। কয়েক মাস আগে আমার বিয়ে হয়। আমি স্বামীর সঙ্গে টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করি। সোমবার সকালে শাওন ফোন করে তার সঙ্গে দেখা করতে বলে। পরে দেখা করতে গেলে একটি ঘরে নিয়ে আমার ওড়না দিয়ে চোখ বেঁধে শাওনসহ তার দুই সহযোগী ধর্ষণ করে। এ সময় শাওন তার মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে এবং কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, প্রধান অভিযুক্ত শাওনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে মোবাইল ফোনে কল করে ডেকে নেয় শাওন। পরে টঙ্গীর মিরাশপাড়া এলাকার মৃত গাজী আলাউদ্দিনের বাড়ির একটি কক্ষে নিয়ে তার চোখ বেঁধে ফেলে। এরপর শাওন ও তার দুই সহযোগী নারীকে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য শাওন তার মোবাইলে ভিডিও করে। পরে ওই নারী বাসায় ফিরে ৯৯৯-এ কল করে ঘটনা জানালে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাওনসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী তিন যুবককে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।