আদালত পরিদর্শনে এসে এক দম্পতির বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর লিগ্যাল এইড অফিসে তিনি এই বিরোধ নিষ্পত্তি করেন।
গাজীপুর লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) সুমাইয়া রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকার এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতন ও ভরণপোষণ না করার অভিযোগে চলতি বছরের ৪ সেপ্টেম্বর গাজীপুর লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দেন। বিষয়টি মীমাংসার উদ্দেশে সোমবার গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসে উভয়ের উপস্থিতিতে মীমাংসার আয়োজন করা হয়।
তিনি আরও জানান, কোর্ট পরিদর্শনে আসা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব ওই সভায় স্বামী-স্ত্রী ও তাদের স্বজনদের উপস্থিতিতে সাতটি শর্তে ওই বিরোধ নিষ্পত্তি করেন। মীমাংসা সভায় মামলার বাদী ও বিবাদী (স্বামী-স্ত্রী) আপস-মীমাংসার শর্ত মেনে সাক্ষীদের উপস্থিতিতে নিষ্পত্তি সংক্রান্ত চুক্তিতে সই করেন।