‘বিএনপির একজন নেতাকর্মীও ঘর থেকে বের হতে পারবেন না’

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী ঘরে থাকতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির সব নেতাকর্মী শান্তিতে যার যার ঘরে আছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে থেমে যান। নয় তো বিএনপির একজন নেতাকর্মীও ঘর থেকে বের হতে পারবেন না।  আপনারা সন্ত্রাস কায়েম করতে পুলিশের ওপর হামলা চালিয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সরকারি বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, সহ-সভাপতি শাহআলম মল্লিক, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর কবির মাস্টার, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনসহ সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ পাউন্ড কেক কেটে উদযাপন করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই আয়োজনকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ওই বিদ্যালয়ের মাঠ।