প্রায় ২৫ বছর পর রবিবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। দুপুরে শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় ও স্থানীয় অতিথিদের পাশাপাশি মঞ্চে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পাশাপাশি বসেন।
নেতাকর্মীরা জানান, মঞ্চে শামীম ওসমান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পাশাপাশি বসে ছিলেন। তবে একে অপরের সঙ্গে কথা বলেননি তারা। পরে পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী মঞ্চে এসে উপস্থিত হলে মেয়র আইভী পাশের চেয়ারে সরে বসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।
সর্বশেষ ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন অধ্যাপক নাজমা রহমানকে সভাপতি ও এ কে এম শামীম ওসমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। তবে জেলা কমিটি একাধিকবার ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র। পরে ২০১৭ সালের ২৫ নভেম্বর ছয়টি পদ শূন্য রেখে জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।