মাদারীপুরের রাজৈরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা। রবিবার (৩০ অক্টোবর) ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডের মহাসড়কে ইজিবাইক রেখে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধের কারণে সড়কের প্রায় আট কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানার পুলিশ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবরোধ তুলে নেন।
চালকরা জানান, হাইওয়ে পুলিশ প্রতিদিনই চাঁদাবাজি করছে। পুলিশকে নিয়মিত বখরা দিলে সেই গাড়ি হাইওয়েতে চলতে পারে, না দিলে গাড়ি আটকে টাকা আদায় করা হয়।
ইজিবাইক চালক মনিরুজ্জামান বলেন, পুলিশ আমাদের গাড়ি আটকে টাকা নেয় অথবা আমাদের মানসিকভাবে নির্যাতন করেন। আমরা চাই পুলিশ চাঁদাবাজি বন্ধ হোক।
পরে অবরোধের খবর পেয়ে রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন।
তবে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) একরাম হাসানুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, হাইওয়েতে ইজিবাইক চালানো হাইকোর্ট থেকে নিষেধ। তাই আমরা হাইওয়েতে ইজিবাইক চালালে মামলা দেই। এ মামলা দেওয়ার কারণে ওরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনেছে।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের কথা বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।