মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রকল্পের টাকা তুলে আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে জেলা শহরের খাগদী এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল-ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়। প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য প্রকল্পটির বিল-ভাউচার সংগ্রহ করা হয়েছে। এসব বিল-ভাউচার যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’