বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অচিরেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। অতীতে যেমন কোনও স্বৈরাচার সরকারই দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি, বর্তমান ক্ষমতাসীনরাও গায়ের জোরে ক্ষমতা রাখতে পারবে না। পতন তাদের হবেই।’
শনিবার (১২ নভেম্বর) বিকালে ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে আয়োজিত বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ফরিদপুরের সমাবেশ পণ্ড করতে তিন দিন আগে থেকেই বাস মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। তাতে কী হয়েছে? জনগণকে তো সমাবেশে আসা আটকাতে পারেনি। তারা সমাবেশে ছুটে এসেছে। পথে পথে সিকিউরিটি বসিয়েছে, তবুও বাংলার মানুষ বাধা উপেক্ষা করে চলে এসেছে।’
তিনি আরও বলেন, ‘দেশে-বিদেশে যখন আওয়ামী সরকারের বর্বর শাসনের বিরুদ্ধে ধিক্কার উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন সরকার হতাশ হয়ে পড়েছে। তারা এখন পাগল হয়ে গেছে। আপনারা ফরিদপুরের মানুষ আজ দেখিয়ে দিয়েছেন। ফরিদপুরের মাটি বিএনপির ঘাঁটি। ২০১৪ সালে যে নির্বাচন হয়েছিলো তাতে কি আপনার ভোট দিতে পেরেছেন? ২০১৮ সালে আরেকটা নির্বাচন হয়েছে, সেটাতেও আপনারা ভোট দিতে পারেননি, কারণ আগের দিন রাতেই তারা সিল মেরে নিয়েছে। এভাবে চললে হবে না। আজকের তরুণ সমাজ ইস্পাতের মতো রুখে দাঁড়াতে হবে।’
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।