অবৈধ সরকারের দিন শেষ হয়ে আসছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অবৈধ সরকারের দিন শেষ হয়ে আস‌ছে। তীব্র আন্দোলনের মুখে তাদের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

শনিবার (১২ নভেম্বর) বিকালে ফরিদপুরের কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে আয়োজিত বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘মানুষকে খাওয়ানোর পয়সা নেই, কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার পয়সা আছে। অবৈধ আওয়ামী লীগ সরকার চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে নেতাকর্মীদের হত্যা করে কেন? সভা-সমাবেশ করতে দেয় না। তাদের লোকেরা কথায় কথায় পিস্তল, হকস্টিক, রামদা ও লাঠি নিয়ে বের হয়ে আসে। এটি আর হতে দেবো না।’

আরও পড়ুন: ‘অচিরেই আ.লীগ সরকারের পতন হবে’

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনগণের যৌক্তিক দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। সরকার বিএনপিকে ভয় পায় বলে পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করেছে। কিন্তু জনগণ আজ জেগে উঠেছে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।’

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।