গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। সম্মেলনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সম্মেলনস্থল শহরের রাজবাড়ী মাঠে। দুপুর ২টার দিকে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সভাপতি পদের চেয়ে বেশি আলোচনা হচ্ছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। এই পদের প্রার্থী আট জন।
২০১৩ সালে গঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন। এরপর দলের কেন্দ্রীয় ঘোষণামতে ২০১৫ সালে কোনও সম্মেলন ছাড়াই আজমত উল্লাহ খানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির পূর্ণাঙ্গ রূপ দেন।
এবারের সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য আবদুল হাদী শামীম, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গাজীপুর সিটির কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল এবং গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
সম্মেলনকে ঘিরে নগরজুড়ে নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক তোরণ, অলিগলিতে টানানো হয়েছে ব্যানার ও পোস্টার। দলের তৃণমূলের সাধারণ কর্মীদের দাবি, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে দলীয় ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সেই ভূমিকায় যারা দলকে গতিশীল রাখতে পারবেন তাদেরই যেন সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এবারের সম্মেলন নগরীর জন্য প্রথম এবং আনুষ্ঠানিক সম্মেলন। এতে সব নেতাকর্মীর মাঝে আনন্দ বইছে। ধারণা করা হচ্ছে রাজবাড়ী মাঠে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটবে। জাতীয় নির্বাচন সামনে থাকায় আমরা এই সম্মেলনকে গুরত্বের সঙ্গে দেখছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পরামর্শ ও বিচার বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা হবে।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্ভোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর জ্জাক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
২০২১ সালের ১৯ নভেম্বর গাজীপুর নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন নেতাকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। এরই জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।