মানিকগঞ্জ আ.লীগের নেতৃত্ব সাবেকদের হাতে

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সাত বছর পর হলেও আগের কমিটির নেতাদের হাতেই নতুন নেতৃত্ব উঠেছে। সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রবিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনা পর্বের পরপরই জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সর্বশেষ ২০১৫ সালের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম নির্বাচিত হন।

সভাপতি গোলাম মহীউদ্দীন পেশায় আইনজীবী ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তিনি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এ নিয়ে জেলা পরিষদ নির্বাচনে পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক আবদুস সালামও পেশায় আইনজীবী। ১৯৭৬-৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তিনি বর্তমানে জেলা জজ আদালতের সরকারি কৌসুঁলির (পিপি) দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও তিনি।

এদিকে নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের এমপি ও বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।