নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় অন্তর (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ কিল্লার মূল ফটক থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
অন্তর পেশায় অটোরিকশাচালক। তিনি শারীরিক প্রতিবন্ধী। শহরের মাসদাইর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অন্তরের বন্ধু লাবিব মিয়া জানান, ফতুল্লার মাসদাইর আল আমিন মসজিদের পাশের একটি গ্যারেজে থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতেন অন্তর। কিছুদিন আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে। সেই থেকে মাসদাইর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। সর্বশেষ গতকাল রাতে লাবিবের সঙ্গে অন্তরের কথা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে অন্তত ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্ত চলছে।