মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লেগে শওকত আলী শেখ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শওকত আলী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শহর আলী শেখের ছেলে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর মস্তফাপুর বাসস্ট্যান্ডের কাছে একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।