কিশোরগঞ্জে গণমিছিল শেষে ফেরার পথে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হকসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) শহরের মোরগ মহাল থেকে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী।
গ্রেফতার সাত জন হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, জামায়াত নেতা তাজুল ইসলাম, এরশাদ উদ্দিন, ওমর ফারুক, হাবিবুর রহমান, আবু সাঈদ ও নূরুল ইসলাম বাবুল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ সাত জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
জামায়াতে ইসলামীর গণমিছিলটি শহরের মোরগ মহাল থেকে শুরু হয়ে জেলা স্মরণী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদস্য খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্র শিবিরের উত্তর শাখার সভাপতি মাহফুজুর রহমান, দক্ষিণ শাখার সভাপতি জুনায়েদ সাকি প্রমুখ।
অপরদিকে, দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের প্রথম দিন আজ কিশোরগঞ্জে গণমিছিল কর্মসূচি পালন করে জেলা বিএনপি। বিএনপির গণমিছিলটি শহরের আখড়াবাজার মোড় থেকে বের হয়ে রথখলা ময়দানে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, মো. জালাল উদ্দিন, রুহুল হোসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখ।